# Tags

অধিকারসম্পন্ন ভালুকা গঠনে সাংবাদিকদের পাশে চাইলেন এমপি ফখর উদ্দিন বাচ্চু

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ন্যায়, সাম্য ও মানবিক অধিকারসমৃদ্ধ একটি অধিকারভিত্তিক সমাজ গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন, দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ভালুকা গড়ে তুলতে চান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাবের আয়োজনে বাৎসরিক ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল হক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
এছাড়াও বক্তব্য দেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, দৈনিক যুগান্তরের ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল ও এসএ টিভির সাংবাদিক আওলাদ হোসেন রুবেলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সমাজের নানা অসংগতি তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো প্রশাসনের নজরে আনার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত, স্বচ্ছ ও মানবিক সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে ভালুকা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।